‘আমাদেরও মাঝেমধ্যে ট্যাগ শুনতে হয়, বিএনপির ভাইস চ্যান্সেলর। আরে বাবা, এখানে ট্যাগ দেওয়ার কী আছে? বিএনপি ক্ষমতায় এসেছে বলেই তো আজ ভাইস চ্যান্সেলর হয়েছি। এখানে লুকানোর কী আছে?’—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এর আগে একই দিন বাদ জুমা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন তিনি।
ভিডিওতে গত ১৫-১৬ বছরের শাসনামলের প্রসঙ্গ তুলে জবি উপাচার্যকে আরও বলতে শোনা যায়, ‘বহু সুশীল লোকজন তো ছিল। ৫ আগস্টের পর তাদের আসল পরিচয় ও কাজ আমরা দেখেছি। মানুষের আত্মপরিচয় লুকানোর কিছু নেই।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে অধ্যাপক রইছ উদ্দীন বলেন, ‘আপনি যদি এ দেশকে সত্যিকার অর্থে ভালোবাসেন ও অন্তরে ধারণ করেন, তবে বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করতে হবে। বিগত ১৫-১৬ বছর আমরা দেশের কোন শ্রেণির নাগরিক ছিলাম, তা নিজেরাই বুঝতাম না। আমাদের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ছিল না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রতিরোধের মাধ্যমে আল্লাহ আমাদের সেই জালিমদের হাত থেকে মুক্তি দিয়েছেন।’
দেশের চলমান পরিস্থিতি ও নাগরিকদের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন এবং দেশের সুখ-সমৃদ্ধি ও উন্নতি চান, তবে আমাদের নিজেদের স্বার্থেই প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতে হবে।’
তিনি আরও বলেন, গত দুই বছর অনেকেই দেশে নির্বিঘ্নে বসবাস করলেও সম্প্রতি নানা ধরনের নৈরাজ্য দেখা যাচ্ছে। নড়াইলে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে পিটিয়ে হত্যা, সংসদ সদস্যের বাড়ি ও হাসপাতালে অগ্নিসংযোগ এবং কারাগারে হামলার চেষ্টার ঘটনাও উল্লেখ করেন তিনি।
প্রতিবেদকের নাম 






















