রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানবাহন নিয়েও হাসপাতালে প্রবেশে ভোগান্তিতে পড়ছেন অনেকে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনভর থেমে থেমে বৃষ্টির পর রাতে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অতিরিক্ত বৃষ্টিতে নগরীর লক্ষ্মীপুর থেকে ঘোষপাড়া সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। এর প্রভাবে রামেক হাসপাতালের প্রধান ফটকসংলগ্ন সড়ক ও আশপাশের এলাকা পানিতে ডুবে যায়।
স্থানীয়রা জানান, নগরীর বিভিন্ন স্থানে উন্নয়নকাজের কারণে কিছু ড্রেন সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে ভারী বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে না পারায় জলাবদ্ধতা বেড়েছে। হাসপাতাল এলাকার মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন পরিস্থিতিতে রোগী ও স্বজনদের দুর্ভোগ আরও তীব্র হচ্ছে।
জলাবদ্ধ সড়ক দিয়ে চলাচলের সময় পথচারীদের পাশাপাশি হাসপাতালমুখী যানবাহনও সমস্যায় পড়ছে। বিশেষ করে জরুরি চিকিৎসার জন্য আসা রোগীদের হাসপাতালে পৌঁছাতে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।
প্রতিবেদকের নাম 




















