ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল পাঠাচ্ছে কানাডা। প্রায় ৩০০ সদস্যের এই প্রতিনিধিদল ১২ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ভারতের মুম্বাই ও বেঙ্গালুরুতে বিভিন্ন বাণিজ্যিক কর্মসূচিতে অংশ নেবে।
কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মানিন্দর সিধুর নেতৃত্বে এ সফরের নাম দেওয়া হয়েছে ‘টিম কানাডা ট্রেড মিশন’। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করা, নতুন ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলা এবং বাণিজ্যের পরিসর বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ভারতীয় ব্যবসা ও অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যম মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ভারত-কানাডা সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা শেষ করার প্রচেষ্টার মধ্যেই এই সফর হচ্ছে।
যেসব খাতে সহযোগিতায় গুরুত্ব
কানাডার সরকারি সংস্থা গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা জানিয়েছে, সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা ভারতের নীতিনির্ধারক, শিল্প খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন। এর মাধ্যমে নতুন বাণিজ্যিক সম্পর্ক তৈরি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
মানিন্দর সিধু জানিয়েছেন, মহাকাশ ও বিমান পরিবহন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, পরিচ্ছন্ন প্রযুক্তি, জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং জীবনবিজ্ঞানের মতো খাতে কানাডার দক্ষতাকে ভারতের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে যুক্ত করতে চায় তাঁর দেশ।
২০৩০ সালের মধ্যে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৭০ বিলিয়ন কানাডীয় ডলারে উন্নীত করার লক্ষ্যও রয়েছে বলে জানান তিনি।
বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে
গত ৫ থেকে ৯ অক্টোবর অটোয়ায় ভারত ও কানাডার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি (সিইপিএ) নিয়ে পঞ্চম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের ফলাফল সম্পর্কে দুই দেশের সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এর আগে ১ অক্টোবর মিলওয়াকিতে জি২০ বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে আলোচনা করেন কানাডার বাণিজ্যমন্ত্রী মানিন্দর সিধু।
দ্বিপক্ষীয় বাণিজ্যে কত লেনদেন
কানাডার সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারত ও কানাডার মধ্যে পণ্য ও পরিষেবা খাতে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৩০ দশমিক ৪ বিলিয়ন কানাডীয় ডলার। ওই বছর ভারতে কানাডার পণ্য রপ্তানির পরিমাণ ছিল ৩ দশমিক ৯ বিলিয়ন ডলার। অন্যদিকে, ভারত থেকে কানাডায় পণ্য আমদানি হয় ৯ দশমিক ৭ বিলিয়ন ডলারের।
ভারতে কানাডার প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ ছিল ১১ দশমিক ৪ বিলিয়ন ডলার। বিপরীতে, কানাডায় ভারতের প্রত্যক্ষ বিনিয়োগ ছিল ৯ দশমিক ৭ বিলিয়ন ডলার।
সম্পর্ক পুনরুদ্ধারে নতুন উদ্যোগ
২০২৩ সালে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এরপর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা শুরু হয়।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য বাজারে রপ্তানি বাড়াতে চাইছে কানাডা। অন্যদিকে, ভারতও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে কানাডার এই বৃহৎ বাণিজ্য প্রতিনিধিদলের সফর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিবেদকের নাম 






















