বাংলাদেশে ডিজিটাল বাণিজ্যের সম্প্রসারণ, নিরাপদ ডিজিটাল লেনদেন এবং দেশের সামগ্রিক ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন। এ সময় বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দেশের ডিজিটাল কমার্স খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি অনলাইন লেনদেনের নিরাপত্তা আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণে বাংলাদেশে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, সে বিষয়েও মতবিনিময় করেন তারা।
বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শীর্ষ কর্মকর্তার বাংলাদেশ সফরকে দেশের ডিজিটাল অর্থনীতি ও পেমেন্ট অবকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আগে সোমবার (১০ আগস্ট) তিন দিনের সফরে বাংলাদেশে আসেন স্টিফেন কারপিন। সফরকালে বাংলাদেশের সরকারি ও বেসরকারি পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে ডিজিটাল পেমেন্ট, আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রযুক্তিনির্ভর বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে তার আলোচনা করার কথা রয়েছে।
কারপিন আগামী ১২ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। সফরে তার সঙ্গে রয়েছেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি।
বাংলাদেশে ডিজিটাল লেনদেনের ব্যবহার দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে নিরাপদ ও আধুনিক পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলা, ডিজিটাল কমার্সের পরিধি বাড়ানো এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্কগুলোর সঙ্গে সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রতিবেদকের নাম 



















