কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহার জন্য নিজেদের দীর্ঘদিনের নিয়ম পরিবর্তন করেছে চিলির শীর্ষ ফুটবল লিগ প্রিমেরা ডিভিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে তিনি জার্সিতে নিজের পারিবারিক নামের পরিবর্তে জনপ্রিয় ডাকনাম ‘ভোজিনহা’ ব্যবহার করতে পারবেন।
এর আগে লিগের নিয়ম ছিল, সব খেলোয়াড়কে জার্সিতে বাধ্যতামূলকভাবে নিজেদের পারিবারিক পদবি (সারনেম) ব্যবহার করতে হবে। তবে ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের অনুরোধে লিগের ক্লাবগুলো সর্বসম্মতিক্রমে সেই নিয়ম শিথিল করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে যোগ দেওয়ার পথে রয়েছেন ভোজিনহা। ক্লাবটিতে যোগ দেওয়ার অন্যতম শর্ত ছিল জার্সিতে নিজের পরিচিত ডাকনাম ব্যবহারের অনুমতি। সেই দাবি মেনে নিয়েই লিগ কর্তৃপক্ষ নিয়মে পরিবর্তন আনে।
ফুটবল বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু ভোজিনহার জন্যই নয়, ভবিষ্যতে অন্যান্য খেলোয়াড়দের ক্ষেত্রেও জার্সিতে নাম ব্যবহারের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত তৈরি করবে।
তবে নিয়ম পরিবর্তন হলেও এখনও কোলো-কোলোর সঙ্গে ভোজিনহার আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি। নির্ধারিত সূচি অনুযায়ী গত মঙ্গলবার তার চিলির রাজধানী সান্তিয়াগোতে পৌঁছানোর কথা থাকলেও তা সম্ভব হয়নি। প্রথমে ভিসা-সংক্রান্ত জটিলতা এবং পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নির্ধারিত ফ্লাইটে যাত্রা করেননি।
এই বিলম্বে ভক্তদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও ক্লাব কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, দলবদল প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।
কোলো-কোলোর পরিচালক হেইমে পিজারো এবং প্রধান কোচ ফার্নান্দো ওরতিজ জানিয়েছেন, ভোজিনহার এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলেই তার দলে যোগ দেওয়ার বিষয়টি সম্পন্ন হবে বলে তারা আশা করছেন।
প্রতিবেদকের নাম 





















