ইউটিউবে মুক্তির মাত্র দুই দিনেই এক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে জাকারিয়া সৌখিন পরিচালিত নাটক ‘ভালো আছো তো?’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে।
দুই দিন আগে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় নাটকটি। এরই মধ্যে ভিউ ছাড়িয়েছে এক কোটি। পাশাপাশি নাটকটিতে এসেছে লক্ষাধিক লাইক ও হাজারো মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন নাটক ও সিনেমাবিষয়ক পেজ এবং গ্রুপেও এটি নিয়ে আলোচনা চলছে।
গল্প ও উপস্থাপনেই মুগ্ধ দর্শক
অপূর্ব ও নীহা এর আগে ‘মন দুয়ারি’ ও ‘মায়াপাখি’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। সেসব কাজও দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল। তবে নতুন নাটক ‘ভালো আছো তো?’ মুক্তির পর অল্প সময়েই ভিউয়ের মাইলফলক ছুঁয়ে নতুন করে আলোচনায় এসেছে এই জুটি।
নাটকটির ইউটিউব মন্তব্যে অধিকাংশ দর্শকই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। গল্পের চমকপ্রদ সূচনা, ধীরে ধীরে কাহিনির গভীরে প্রবেশ, সাবলীল সংলাপ, আবেগঘন উপস্থাপন এবং দৃশ্যায়নের প্রশংসা করছেন অনেকে। নাটকটির শেষ দৃশ্যও দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে।
সাফল্যে নির্মাতার কৃতজ্ঞতা
নাটকটির সাফল্য নিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, সব সময় নিজের মনের মতো কাজ করতে চেয়েছেন তিনি। কাজের স্বীকৃতি ও প্রাপ্তি তাঁকে আনন্দিত করে। এই সাফল্যকে নিজের একার অর্জন মনে করেন না তিনি; প্রযোজক, অভিনয়শিল্পী, দর্শক ও পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন।
সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পুও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অপূর্ব, নীহা, জাকারিয়া সৌখিনসহ নাটকটির পুরো দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দর্শকের চাহিদার কথা মাথায় রেখে সিএমভি নিয়মিত রুচিশীল ও মানসম্মত কনটেন্ট তৈরির চেষ্টা করছে। এ ধরনের সাফল্য ভবিষ্যতের কাজের জন্য অনুপ্রেরণা জোগায়।
নাটকটিতে অপূর্ব ও নীহার সঙ্গে আরও অভিনয় করেছেন মিলি বাশার, সমাপ্তি মাশুক, প্রান্তসহ অনেকে।
এ ছাড়া নাটকের একমাত্র গান ‘যাকে ভালোবেসেছি’-এর কথা লিখেছেন আহমেদ রিজভী। সাজিদ সরকারের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুসা।
প্রতিবেদকের নাম 


























