চাঁদপুরের মেঘনা নদীতে তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ৪ হাজার ৪০০ বস্তা সিমেন্টবোঝাই ‘এইচ এম পরিবহন’ নামের একটি ট্রলার ডুবে গেছে। তবে এ ঘটনায় ট্রলারে থাকা চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে চাঁদপুর নদীবন্দরের প্রবেশমুখে বড় স্টেশন মোলহেড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নারায়ণগঞ্জ থেকে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্ট নিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা দেয় ট্রলারটি। নদীবন্দরের কাছাকাছি পৌঁছালে মেঘনার তীব্র ঘূর্ণিস্রোতে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারটির সুকানি ছিলেন আইয়ুব আলী। দুর্ঘটনার পর আশপাশে থাকা নৌযানের মাঝিরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সুকানিসহ ট্রলারে থাকা চার আরোহীকে নিরাপদে উদ্ধার করেন।
চাঁদপুর সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাঁদপুর জেলা সিমেন্টবাহী ট্রলার ও বাল্কহেড মালিক সমিতির সভাপতি আকবর হোসেন মাতব্বর বলেন, সিমেন্টের ক্ষতির হিসাব করা সম্ভব হলেও ট্রলার মালিক হানিফ বেপারীর জন্য ক্ষতিটা অনেক বড়। তার একমাত্র সম্বল ট্রলারটি নদীতে ডুবে যাওয়ায় তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। এতে তার আনুমানিক এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
তিনি ক্ষতিগ্রস্ত ট্রলার মালিককে দ্রুত সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা দেওয়ার দাবি জানান।
প্রতিবেদকের নাম 




















