জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান পরমাণু পরিকল্পনাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত কোনো সমঝোতা থেকে ইরান যদি বাস্তব সুবিধা না পায়, তাহলে সেই চুক্তি মেনে চলার বাধ্যবাধকতা তেহরানের নেই বলেও মন্তব্য করেন তিনি।
গালিবাফের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন গত মাসে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ স্মারকপত্র কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার ঘটনায় যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গেছে। এরপর মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান ও নৌ অবরোধ জোরদার করেছে।
এক ভাষণে গালিবাফ বলেন, “ইরান কখনো যুদ্ধ চায় না। তবে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে শেষ পর্যন্ত লড়াই করতে আমরা প্রস্তুত।”
তিনি আরও বলেন, ইরান কূটনীতি ও আলোচনার মাধ্যমে সংকট সমাধানে বিশ্বাসী। তবে আলোচনার অর্থ কোনোভাবেই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ বা নীতিগত ছাড় দেওয়া নয়।
গালিবাফ অভিযোগ করেন, ওয়াশিংটন বারবার চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। তার ভাষায়, আলোচনা ও প্রতিরোধ একই কৌশলের অংশ এবং এই দুই বিষয়কে আলাদা করে দেখার সুযোগ নেই।
এর আগে গত শুক্রবারও তিনি যুক্তরাষ্ট্রের প্রতি অনাস্থা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে আবারও কোনো চুক্তি ভঙ্গ হলে ইরান সর্বাত্মক প্রতিরক্ষামূলক যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন, তাকে হত্যার একটি কথিত ইরানি ষড়যন্ত্রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পরিকল্পনা প্রস্তুত রেখেছে। হোয়াইট হাউসের দাবি, এ তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া গেছে। তবে ইরান এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে।
সূত্র: এনডিটিভি
প্রতিবেদকের নাম 


























