জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে রাজশাহীতে নির্মিত ‘নজরুল ভিলেজ’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে নগরীর কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
উদ্বোধন শেষে মন্ত্রী স্মারক ফলক উন্মোচন করেন, মোনাজাতে অংশ নেন এবং একটি বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘নজরুল ভিলেজ’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা, গান ও দর্শন নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগের মাধ্যমে রাজশাহীতে সাহিত্য ও সংস্কৃতিচর্চার নতুন পরিসর তৈরি হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রকল্পের অংশ হিসেবে এখানে নির্মাণ করা হচ্ছে ‘নজরুল মঞ্চ’ ও ‘নজরুল কর্নার’। উন্মুক্ত ও সবুজ পরিবেশে গড়ে তোলা এই প্রাঙ্গণে বছরজুড়ে নজরুল সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের পরিকল্পনা রয়েছে।
রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















