
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে স্বপ্না বেগম (৪৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়িতে তিনি একাই থাকতেন।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারী গ্রামে একটি ফাঁকা বাড়ি থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নাজমাল হোসেনের মেয়ে। প্রায় ২০ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি ঢাকায় বসবাস করতেন এবং মাঝেমধ্যে গ্রামের বাড়িতে আসতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, চার দিন আগে ঢাকা থেকে গ্রামে আসেন স্বপ্না। বাবার বাড়ির পাশেই তার ভগ্নিপতি নান্নু সরকারের ‘স্বচ্ছ মঞ্জিল’ নামে একটি বাড়ি রয়েছে। বাড়িটি ফাঁকা থাকায় চারদিকে প্রাচীরবেষ্টিত ওই ভবনে একাই অবস্থান করছিলেন তিনি।
প্রতিদিনের মতো শনিবার রাতেও সেখানে ঘুমাতে যান স্বপ্না। রোববার সকালে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা বাড়িতে যান। এ সময় প্রধান ফটক খোলা দেখে ভেতরে ঢুকে তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, শনিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
আদিতমারী থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
প্রতিবেদকের নাম 





















