চট্টগ্রামের পাহাড়তলীতে ১০ বছর বয়সী স্কুলছাত্রী আবিদা সুলতানা আয়নী হত্যা মামলায় একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২০ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২১ মার্চ বিকেলে পাহাড়তলীর আব্দুল হাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আয়নী নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও তার কোনো খোঁজ মেলেনি। পরে ২৮ মার্চ আয়নীর মা মোছাম্মৎ বিবি ফাতেমা আদালতে অপহরণের মামলা করেন। আদালতের নির্দেশে সেটি এজাহার হিসেবে গ্রহণ করে পাহাড়তলী থানা।
পরদিন ২৯ মার্চ ভোরে পাহাড়তলীর সাগরিকা বাই লেনের আলমতারা পুকুরপাড় এলাকার একটি ডোবা থেকে আয়নীর মরদেহ উদ্ধার করা হয়।
তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানতে পারে, প্রতিবেশী সবজি বিক্রেতা রুবেল বিড়ালের বাচ্চা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি ফাঁকা বাসায় নিয়ে যান। সেখানে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হলে বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় শ্বাসরোধ করে তাকে হত্যা করেন।
তদন্তে আরও উঠে আসে, হত্যার পর রুবেল মরদেহটি বাসার ভেতরে লুকিয়ে রাখেন। পরে গভীর রাতে ভ্যানে করে বস্তাবন্দি মরদেহ আলমতারা পুকুরপাড় এলাকার একটি ডোবায় ফেলে দেন।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রুবেল হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দেন।
দুই সন্তানের জনক রুবেল পাহাড়তলীর কাজীর দীঘি এলাকায় বসবাস করতেন এবং ভ্যানে করে সবজি বিক্রি করতেন। একই এলাকায় পোশাকশ্রমিক মায়ের সঙ্গে বসবাস করত নিহত শিশু আয়নী।
প্রতিবেদকের নাম 
























