দলীয় স্বার্থে সংবিধান সংশোধনের সুযোগ স্থায়ীভাবে বন্ধ করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহালকে তারা ইতিবাচক হিসেবে দেখলেও ভবিষ্যতে রাজনৈতিক উদ্দেশ্যে সংবিধান পরিবর্তনের সুযোগ রোধে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে কেন্দ্র করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল দেশের সর্বোচ্চ আদালত খারিজ করে দিয়েছেন। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালসংক্রান্ত হাইকোর্টের রায় বহাল থাকল। তার মতে, এই রায় দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
তিনি আরও বলেন, শুধু রায়ের ফলাফল নয়, বরং এর পেছনের রাজনৈতিক বাস্তবতাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। নব্বইয়ের গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরবর্তীতে সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করেই বাতিল করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
ইসলামী আন্দোলনের মহাসচিবের ভাষ্য, দেশে ফ্যাসিবাদের পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলেও দলীয় স্বার্থে সংবিধান সংশোধনের সুযোগ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। ভবিষ্যতে যেন কোনো সরকার রাজনৈতিক উদ্দেশ্যে সংবিধান পরিবর্তন করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ লক্ষ্যে তিনি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের গণতান্ত্রিক কাঠামো ও সাংবিধানিক ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রতিবেদকের নাম 

























