সাদা-অফ-হোয়াইট শাড়িতে নতুন সাজে ভক্তদের নজর কাড়লেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি নিয়মিত ফটোশুটেও দেখা যায় তাকে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন লুকের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক পেজে ১১টি ছবি পোস্ট করেন মিম। অফ-হোয়াইট শাড়ির সঙ্গে গলায় পরেছিলেন সবুজ পাথরখচিত নেকলেস। একই পাথরের দুল ও আংটিও ছিল তার সাজে।
খোলা চুলে একের পর এক ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন মিম। ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের প্রশংসায় ভরে ওঠে তার মন্তব্যের ঘর। অনেকেই তার সৌন্দর্য ও সাজের প্রশংসা করেছেন।
অভিনয়ে মিমকে সর্বশেষ দেখা গেছে ‘লাইফলাইন’ ওয়েব ছবিতে। কাজী আসাদের পরিচালনায় ছবিটি গত জুনে চরকিতে মুক্তি পায়। এরপর নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি অভিনেত্রীর।
বড় পর্দায় মিমকে সর্বশেষ দেখা গেছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া সাইফ চন্দনের ‘মালিক’ সিনেমায়। এতে তার সঙ্গে অভিনয় করেছেন আরিফিন শুভ। তবে সিনেমাটি দর্শকদের মধ্যে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি।
প্রতিবেদকের নাম 




















