
দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাদের কাছে ডলারে চাঁদা দাবির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) শফিকুল ইসলাম এ তথ্য জানান।
ডিবি জানায়, একটি সাত সদস্যের চক্র সরকারি-বেসরকারি হাসপাতালের অন্তত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসককে টার্গেট করেছিল। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের অধ্যাপক মো. আসাদুর রহমান এবং আনোয়ার খান মডার্ন হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক এ কে এম আমিনুল হক ছিলেন।
চক্রটি চিকিৎসকদের কাছে ডলারে চাঁদা দাবি করত। চাঁদা না দেওয়ায় চিকিৎসক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনাও ঘটে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে চিকিৎসকদের বাসা ও চেম্বারের ঠিকানা এবং সন্তানদের বিষয়ে তথ্য সংগ্রহ করত চক্রটি। পরে আর্থিকভাবে সচ্ছল চিকিৎসকদের বাছাই করে তাদের মুঠোফোনে ডলারে চাঁদা দাবি করা হতো।
গত ২৭ জুলাই ধানমন্ডির ৪ নম্বর সড়কে পাঁচজন ব্যক্তি গাড়ি থামিয়ে চিকিৎসক আমিনুল হককে হুমকি দেন। এর আগে ১৭ আগস্ট রাতে শান্তিনগরে হামলার শিকার হন চিকিৎসক আসাদুর রহমান। এ ঘটনায় পল্টন মডেল থানায় মামলা করা হয়।
ডিবির তদন্তে শনাক্ত হওয়ার পর শনিবার রাতে শনির আখড়া থেকে সানি সাহা (৩৮) এবং খিলক্ষেত থেকে ফাতিন ইসরাক লাবিবকে (২০) গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সব মিলিয়ে চক্রটির চার সদস্য বর্তমানে গ্রেপ্তার আছেন।
ডিবির ভাষ্য অনুযায়ী, চক্রটির অন্যতম মূল ব্যক্তি সানি সাহা। তিনি ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত সিঙ্গাপুরে কাজ করেন। পরে হুন্ডির ব্যবসায় যুক্ত হয়ে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েন। সেই ক্ষতি কাটাতে তিনি চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন বলে জানিয়েছে ডিবি।
তদন্তে আরও জানা যায়, ২০২৩ সালে সিঙ্গাপুরে থাকাকালে আলমগীর হোসেনের সঙ্গে সানির পরিচয় হয়। পরে সমাজের উচ্চবিত্ত ব্যক্তিদের বাসার ঠিকানা, গাড়ির নম্বর, পেশা, গতিবিধি ও আর্থিক বিষয়সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহের দায়িত্ব সানিকে দেওয়া হয়।
ডিবি জানায়, চিকিৎসকদের পাশাপাশি সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও টার্গেট করত চক্রটি। এ ছাড়া বিভিন্ন দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়া আরেকটি চক্রের বিরুদ্ধেও তদন্ত চলছে।
প্রতিবেদকের নাম 




















