
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের সীমান্তবর্তী বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে চার লাখ ৫০ হাজার টাকা মূল্যের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধ মালামাল জব্দ করা হলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
বিজিবি জানায়, ভারতের সঙ্গে সুনামগঞ্জের ১২০ কিলোমিটার সীমান্ত এলাকায় ১৯টি বিওপির সদস্যরা সীমান্ত সুরক্ষায় দিনরাত কাজ করছেন।
এ বিষয়ে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির গণমাধ্যমকর্মীদের জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদকের নাম 






















