২০৩০ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কায় আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা। বৃহস্পতিবার স্প্যানিশ বার্তা সংস্থা ইএফইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
তবে ফাইনালের ভেন্যু নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফাইনাল আয়োজনের দৌড়ে স্পেন ও মরক্কোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।
এক লাখ ১৫ হাজার দর্শকের স্টেডিয়াম
ফাইনাল আয়োজনের জন্য কাসাব্লাঙ্কা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের বেনসলিমান অঞ্চলকে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন লেকজা। সেখানে নির্মাণ করা হচ্ছে বিশাল ‘হাসান দ্বিতীয় স্টেডিয়াম’।
প্রায় ১২ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণাধীন স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা হবে এক লাখ ১৫ হাজার। এটি প্রস্তুত হলে বিশ্বের অন্যতম বৃহৎ ফুটবল স্টেডিয়াম হিসেবে পরিচিতি পেতে পারে।
তিন মহাদেশের ছয় দেশে বিশ্বকাপ
২০৩০ সালের বিশ্বকাপ হবে আয়োজনে বৈচিত্র্যের দিক থেকে ঐতিহাসিক। প্রথমবারের মতো টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে তিন মহাদেশের ছয়টি দেশে।
বিশ্বকাপের উদ্বোধনী তিনটি ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। এরপর টুর্নামেন্টের মূল পর্বের ম্যাচগুলো যৌথভাবে আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন।
এভাবেই ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা—তিন মহাদেশজুড়ে ছড়িয়ে পড়বে ২০৩০ বিশ্বকাপের আয়োজন।
প্রতিবেদকের নাম 




















