রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরখানগেলস্ক অঞ্চলের প্লেসেৎস্ক কসমোড্রোম থেকে একটি মোবাইল সলিড-ফুয়েল চালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী।
শুক্রবার (২৮ আগস্ট) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের একটি মোবাইল লঞ্চার ইউনিটকে দুর্গম এলাকায় নিয়ে গিয়ে সেখান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।
উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের কুরা টেস্ট সাইটে পৌঁছায়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওতে বনাঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখা গেছে। সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির কৌশলগত, কারিগরি ও উড্ডয়ন সক্ষমতা যাচাই করাই ছিল পরীক্ষার মূল উদ্দেশ্য।
রুশ মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার নির্ধারিত সব লক্ষ্য সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত গতিপথ বজায় রেখেছে।
তবে পরীক্ষায় ঠিক কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তা প্রকাশ করেনি রাশিয়া। এর আগে মে মাসের মাঝামাঝি সময়ে সামরিক মহড়ার অংশ হিসেবে প্লেসেৎস্ক থেকে কুরা পর্যন্ত আরএস-২৪ ইয়ার্স ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল বলে জানা যায়।
সর্বশেষ এই পরীক্ষা এমন সময় হলো, যখন এক সপ্তাহেরও কম সময় আগে রাশিয়ার প্লেসেৎস্ক কসমোড্রোমে ইউক্রেনীয় ড্রোন হামলার খবর প্রকাশিত হয়েছিল। তবে ওই হামলার প্রতিবেদন স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
প্রতিবেদকের নাম 




















