নতুন মৌসুমের আগে আক্রমণভাগ আরও শক্তিশালী করতে চায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এ জন্য তাদের প্রধান লক্ষ্য আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। অ্যাতলেতিকো মাদ্রিদের এই তারকাকে দলে ভেড়াতে ১১৫ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করার পরিকল্পনা করছে কাতালান ক্লাবটি।
আলভারেজের ভবিষ্যৎ নিয়ে গত এক বছর ধরেই চলছে নানা আলোচনা। তবে এখন পর্যন্ত দলবদলের বিষয়ে কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহেই আলভারেজের এজেন্টরা বার্সেলোনায় এসে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে সম্ভাব্য দলবদলের পথ খুঁজে দেখা হবে।
এর আগে বার্সেলোনা আলভারেজকে পেতে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল বলে জানা যায়। তবে আলোচনায় গতি আনতে সেই প্রস্তাব বাড়িয়ে ১১৫ মিলিয়ন ইউরো করার পরিকল্পনা করছে ক্লাবটি।
যদিও প্রকাশ্যে বার্সেলোনা এখনো জানিয়েছে, তারা প্রস্তাব বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি। ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাতলেতিকো মাদ্রিদ আলোচনায় বসতে আগ্রহী হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তবে অ্যাতলেতিকো মাদ্রিদের অবস্থান এখনো কঠোর। মাদ্রিদের ক্লাবটি কোনো আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না এবং আগ্রহী ক্লাবগুলোকে আলভারেজের ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের বিষয়টি মনে করিয়ে দিচ্ছে।
এই কঠোর অবস্থানের কারণেই বার্সেলোনার আলভারেজ-পরিকল্পনা এখনো বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে।
প্রতিবেদকের নাম 



















