গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ অনুষ্ঠিত হবে। জনগণের দাবি আদায়ের এ কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হলে তা আরও শক্তিশালীভাবে এগিয়ে নেওয়া হবে।
১১ দফা দাবির মধ্যে রয়েছে—জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ এবং বিভিন্ন অপরাধের বিচারসহ অন্যান্য দাবি।
ডা. শফিকুর রহমান আরও জানান, লংমার্চের পাশাপাশি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা-যশোর-কুষ্টিয়া এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে রেলপথে যাত্রা কর্মসূচি পালন করা হবে। এছাড়া ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
গ্যাসের দাম বাড়ানো নিয়ে হুঁশিয়ারি
অবস্থান কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেন, গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
তিনি অভিযোগ করেন, কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং জনগণের সঙ্গে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি পূরণ করা হয়নি।
নাহিদ ইসলাম বলেন, বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, গণভোটে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করা হয়নি। গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতিও পূরণ হয়নি।
সূত্র: যুগান্তর
প্রতিবেদকের নাম 



















