চলচ্চিত্রজগতে কাস্টিং কাউচ ও ক্ষমতার অপব্যবহার নিয়ে কথা বলেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রম্যা কৃষ্ণন। তাঁর মতে, বিনোদনজগতে যৌন হয়রানি ও শোষণের ঘটনা অস্বীকার করার সুযোগ নেই। শুধু নারীরা নন, পুরুষেরাও এ ধরনের পরিস্থিতির শিকার হচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয়ে নিজের মতামত তুলে ধরেন ‘বাহুবলী’ সিনেমার ‘রাজমাতা’খ্যাত এই অভিনেত্রী।
রম্যা কৃষ্ণনের মতে, কাস্টিং কাউচের মধ্যে শিল্পীদের কুপ্রস্তাব দেওয়া থেকে শুরু করে যৌন হয়রানি ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের মতো ঘটনাও রয়েছে। তবে এ সমস্যা কেবল চলচ্চিত্র বা বিনোদনজগতের মধ্যে সীমাবদ্ধ নয়; অন্যান্য পেশাতেও এর বিস্তার রয়েছে।
অভিনেত্রী বলেন, “জোর করে হোক, নিজের ইচ্ছায় হোক কিংবা পরিস্থিতির চাপে, এসব ঘটেই চলেছে। কেউ তা অস্বীকার করতে পারবেন না। আমাদের পেশা যেহেতু ঝলমলে, তাই এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা হয়। অথচ চলচ্চিত্রজগতের বাইরেও কত নারী এমন পরিস্থিতির মুখোমুখি হন! সব জায়গাতেই এই সমস্যা রয়েছে। এখানে অবশ্য নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই।”
বিষয়টি বোঝাতে আলোচিত জেফরি এপস্টিনের প্রসঙ্গও টানেন রম্যা। তিনি বলেন, “এপস্টিনের ঘটনাগুলোর দিকে তাকান। আমেরিকার মতো দেশেও এমন ঘটনা ঘটেছে, যেখানে নারীরা অনেক বেশি স্বাধীন। তা সত্ত্বেও তাঁদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তাই এখানে এমন কিছু ঘটে না, এ কথা বলা যায় না। অতীতেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে।”
দাম্পত্যজীবন নিয়ে জল্পনার জবাব
একই সাক্ষাৎকারে নিজের দাম্পত্যজীবন নিয়েও কথা বলেছেন রম্যা কৃষ্ণন। পরিচালক কৃষ্ণ বংশীর সঙ্গে তাঁর বিয়ে ভেঙে গেছে—এমন জল্পনা দীর্ঘদিন ধরে চলছিল। তবে সেই গুঞ্জন নাকচ করে অভিনেত্রী জানিয়েছেন, তাঁদের বিচ্ছেদ হয়নি। পেশাগত কারণেই তাঁরা আলাদা শহরে বসবাস করেন।
প্রতিবেদকের নাম 


























