ছোটপর্দার ধারাবাহিক ‘ডিয়ার নাইন্টিজ’-এর মাধ্যমে ফিকশনে অভিষেক হচ্ছে অভিনেত্রী কোয়েল মল্লিকের। এতে ‘অপরাজিতা’ নামে এক লেখিকার চরিত্রে অভিনয় করছেন তিনি। নব্বইয়ের দশকের শৈশব, হাতে লেখা চিঠি, ল্যান্ডফোন আর ছাদে আচার চুরির স্মৃতিতে ফিরে গেছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ল্যান্ডফোনে লুকিয়ে কথা বলা আর প্রেমের আনন্দ যে আলাদা ছিল, সে কথাও জানিয়েছেন তিনি।
কোয়েলের জীবনের মজার অভিজ্ঞতার মধ্যে রয়েছে এক শিক্ষককে ঘিরে ঘটনা। গার্লস স্কুলে পড়ার সময় এক শিক্ষক পড়ানোর ফাঁকে তাঁর সঙ্গে বিশেষ কথা বলার ইঙ্গিত দিয়েছিলেন। প্রথমে কোয়েল ভেবেছিলেন, হয়তো চাকরি পাওয়ার কোনো খবর জানাবেন শিক্ষক। কিন্তু ক্লাস শেষে তিনি পান প্রেমের প্রস্তাব। এতে লজ্জায় লাল হয়ে যান কোয়েল। এরপর ওই শিক্ষক আর ক্লাসে আসেননি।
ভবানীপুরের একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা কোয়েলের কাছে দুর্গাপূজার পাঁচ দিন মানেই আত্মীয়স্বজনের মিলনমেলা। এ সময় বাবা রঞ্জিত মল্লিকের ভাসান নাচ এবং ছেলে কবীরের সঙ্গে তাঁর খুনসুটি উৎসবের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে।
স্বামী নিসপাল সিং রানের সঙ্গে কোয়েলের সম্পর্কের ভিত্তি দীর্ঘদিনের বন্ধুত্ব। অভিনয়জগতে নতুন থাকার সময় থেকেই তাঁরা একে অপরের বেড়ে ওঠার সাক্ষী। কোয়েলের মতে, প্রথম দেখাতেই প্রেমে তিনি বিশ্বাসী নন। বরং একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়েই সম্পর্কের গভীরতা তৈরি হয়। তাঁরা দুজন আলাদা ব্যক্তিত্বের মানুষ হলেও মূল্যবোধ ও দায়িত্ববোধের জায়গায় তাঁদের মিল রয়েছে।
কোয়েলের বাবা অভিনেতা এবং নিসপালের বাবা প্রযোজক হওয়ায় দুজনই দ্বিতীয় প্রজন্মের প্রতিনিধি। কোয়েলের ভাষায়, তাঁরা খুব বেশি রোমান্টিক না হলেও একে অপরের খোঁজখবর নেওয়া, যত্ন করা এবং কাউকে আঘাত না করার মতো ছোট ছোট বিষয়েই ভালোবাসার প্রকাশ ঘটে। এই মূল্যবোধই তাঁরা সন্তান কবীর ও কাব্যকে শেখান।
নতুন দায়িত্ব হিসেবে রাজ্যসভার সংসদ সদস্য হওয়ার বিষয়েও সচেতন কোয়েল। এ প্রসঙ্গে বাবা রঞ্জিত মল্লিকের পুরোনো কথা—‘জলের মধ্যে নামলেই সাঁতার শেখা যায়’—স্মরণ করেন তিনি। পরিবারের আশীর্বাদ ও দর্শকদের ভালোবাসা নিয়ে নতুন পথচলায় সফল হওয়ার আশাবাদ জানিয়েছেন অভিনেত্রী।
প্রতিবেদকের নাম 

























