
গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জমি দখলমুক্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ জন কর্মকর্তা-কর্মচারী। হামলার সময় বন বিভাগের একটি গাড়িও ভাঙচুর করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান, সদর বিট কর্মকর্তা আকতার হোসেন, সাতখামাইর বিট কর্মকর্তা বিপ্লব হোসেন, কয়েকজন ফরেস্ট গার্ড, গাড়িচালক এবং মজুরিভিত্তিক কর্মচারীরা।
বন বিভাগের কর্মকর্তাদের দাবি, আবদার এলাকায় বন বিভাগের খতিয়ানভুক্ত জমিতে স্থানীয় দুলাল ও আরমানের নেতৃত্বে অবৈধভাবে ঘর নির্মাণ করা হচ্ছিল। উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে অর্ধশতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায় এবং অভিযানে ব্যবহৃত সরকারি গাড়ি ভাঙচুর করে।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রেঞ্জ কর্মকর্তা ও সদর বিট কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক, আর অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম জানান, বন বিভাগের পক্ষ থেকে মামলা বা লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 




















