রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারি সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছে র্যাব-২। হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার (২১ আগস্ট) সকালে র্যাব-২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি গোপন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাবের দাবি, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেট পরিচালনা, মারামারি এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন চুয়া সেলিম। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ মোট ৩৬টি মামলা রয়েছে।
এর আগে ২০২৫ সালের ৮ জানুয়ারি ধানমন্ডি এলাকা থেকে চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছিল র্যাব-২।
তবে পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পাওয়ায় হতাশা প্রকাশ করেন র্যাব-২-এর অধিনায়ক। বর্তমানে গ্রেপ্তার চুয়া সেলিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রতিবেদকের নাম 



















