
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত সিয়াম মুক্তার ভূঁইয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ছাপড়া মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই বংশের সদস্য মতিন ও দেলোয়ারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে বিষয়টি নিয়ে সালিস হলেও বিরোধের সমাধান হয়নি। এর জেরে বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষ শুরু হয়। এতে সিয়াম, মতিন, দেলোয়ার, মামুনসহ অন্তত ১৫ জন আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সিয়ামের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, মতিন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং দেলোয়ার আওয়ামী লীগ-সমর্থক হিসেবে পরিচিত। তবে পুলিশের দাবি, সংঘর্ষের মূল কারণ দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধ।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, ঘটনার তদন্ত চলছে এবং নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 

























