প্যারিস ফ্যাশন উইকে রাজকীয় সাজে হাজির হয়ে আবারও ভক্তদের নজর কেড়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। রত্নখচিত মুকুট, কালো ভেলভেটের গাউন ও আভিজাত্যপূর্ণ সাজে র্যাম্পে হাঁটেন সাবেক এই বিশ্বসুন্দরী।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ল’রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে ফ্যাশন শোটির র্যাম্পে অংশ নেন ঐশ্বরিয়া।
এদিন তার পরনে ছিল ক্রিস্টালখচিত কেপসহ কর্সেটযুক্ত কালো ভেলভেটের ফিশটেল গাউন। মাথায় ছিল ঝলমলে রত্নখচিত মুকুট। সতেজ মেকআপের সঙ্গে ট্রেডমার্ক লাল লিপস্টিক তার সাজে যোগ করে আলাদা মাত্রা।
ফ্যাশন শোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের প্রশংসায় ভাসছেন ঐশ্বরিয়া। তার রাজকীয় উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্যও করছেন অনুরাগীরা।
শো শুরুর আগে রিহার্সালের সময় বিভিন্ন আন্তর্জাতিক তারকার সঙ্গে কুশল বিনিময় করতেও দেখা যায় তাকে। অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে কথা বলা ও তার হাত ধরে থাকার একটি মুহূর্তের ভিডিওও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এ ছাড়া শোয়ের ফাঁকে ল’রিয়ালের আরেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও দীর্ঘদিনের বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গে পুনর্মিলন হয় ঐশ্বরিয়ার। আন্তর্জাতিক এই ফ্যাশন আয়োজনেও তার উপস্থিতি বলিউডের অন্যতম আলোচিত তারকা হিসেবে আবারও নজর কেড়েছে।
প্রতিবেদকের নাম 




















