দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা।
আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জেট এ-১-এর আন্তর্জাতিক বাজারমূল্যের প্ল্যাটস রেটের গড় এবং ওই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে ব্যবহৃত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে জেট ফুয়েলের দাম সমন্বয় করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ২২(খ) ও ৩৪ ধারায় দেওয়া ক্ষমতাবলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১-এর মূল্য সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জেট ফুয়েলের দাম বাড়ায় দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান পরিচালনার ব্যয়ও বাড়তে পারে।
প্রতিবেদকের নাম 


























