ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে ক্ষমতা পরিবর্তনের ‘দিবাস্বপ্ন’ না দেখার বার্তা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর অভিযোগ, কংগ্রেস ও তাদের মিত্ররা রাজপথে নৈরাজ্য সৃষ্টি করে সরকার পরিবর্তনের চেষ্টা করছে।
বুধবার (২৫ নভেম্বর) কর্ণাটকের কালাবুরাগিতে বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, নৈরাজ্য হটাও’ পদযাত্রায় অংশ নিয়ে এক জনসভায় এসব কথা বলেন রাজনাথ সিং। তিনি বলেন, ভারতে ক্ষমতার পরিবর্তন কেবল ভোটের মাধ্যমেই সম্ভব, নৈরাজ্য কিংবা রক্তপাতের মাধ্যমে নয়।
রাজনাথ সিংয়ের অভিযোগ, রাজনৈতিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে কংগ্রেস ও তাদের মিত্ররা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে তুলনা টেনে তিনি প্রশ্ন তোলেন, বিরোধীরা কি একই ধরনের পরিস্থিতি তৈরি করে ভারতে সরকার পরিবর্তন করতে চায়?
তিনি বলেন, কংগ্রেস ও তাদের কয়েকজন মিত্র এখন বলছে, ‘মোদি এভাবে যাবেন না; এখানে সরকার পরিবর্তন হতে হবে।’ নৈরাজ্য, অস্থিরতা সৃষ্টি ও রক্তপাত উসকে দিয়ে তারা সরকার পরিবর্তন করতে চায় বলে অভিযোগ করেন তিনি।
রাহুল গান্ধীকে উদ্দেশ করে রাজনাথ সিং বলেন, ভারতের গণতন্ত্র এতটা দুর্বল নয় যে কংগ্রেসের নেতাকর্মীরা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে তা দুর্বল করে দিতে পারবেন। রাজপথে নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতা পরিবর্তনের স্বপ্ন দেখা বন্ধ করার আহ্বান জানান তিনি।
গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষার আহ্বান
রাজনাথ সিং বলেন, একই সাংবিধানিক ব্যবস্থার অধীনে ছয় দশক দেশ শাসন করার পরও কংগ্রেস ক্ষমতার আকাঙ্ক্ষায় গণতান্ত্রিক কাঠামো দুর্বল করার চেষ্টা করছে।
সংবিধান ও জনগণের সরকার নির্বাচনের অধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, বিজেপি শুধু রাজনৈতিক সমাবেশ করতে কালাবুরাগিতে আসেনি; গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠান রক্ষার শপথ নিতেও এসেছে।
তিনি আরও বলেন, কংগ্রেসের রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলতেই তাঁরা সেখানে সমবেত হয়েছেন। তাঁর অভিযোগ, কংগ্রেস দেশে নৈরাজ্য সৃষ্টি করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা করছে।
রাজনাথ সিং বলেন, ভারতের সংবিধান জনগণকে সরকার নির্বাচনের অধিকার দিয়েছে। কিন্তু ক্ষমতা দখলের আকাঙ্ক্ষায় কংগ্রেস সেই গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করছে। যে গণতন্ত্র একসময় দলটিকে ছয় দশক ক্ষমতায় রেখেছিল, এখন সেই ব্যবস্থাকেই তারা নৈরাজ্য হিসেবে তুলে ধরছে বলে মন্তব্য করেন তিনি।
প্রতিবেদকের নাম 
























