রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে মোট আটটি জোনে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে নগর প্রশাসন। প্রতিটি জোনে চলবে আলাদা রঙের নিবন্ধিত ই-রিকশা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্র্যাক ও বিআইজিডি আয়োজিত এক নীতি আলোচনায় এ তথ্য জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, লাখো রিকশাচালকের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে রিকশা উচ্ছেদ না করে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। বুয়েটের নকশায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যাটারিচালিত ই-রিকশা সড়কে নামানো হবে। এলাকাভেদে আলাদা রঙের নিবন্ধিত ই-রিকশা চলাচল করবে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেন, অনিয়ন্ত্রিত রিকশা ও হকারের কারণে রাজধানীর স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।
তিনি মন্তব্য করেন, শুধু কর্মসংস্থানের কথা বিবেচনা করে ঢালাওভাবে রিকশার অনুমোদন দেওয়া হলে শহরের যান চলাচল আরও অচল হয়ে পড়বে।
প্রতিবেদকের নাম 

























