
আইন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ভোলা-১ আসনের এমপি আন্দালিভ রহমান পার্থ। অন্যদিকে, অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি দলীয় এমপি মুশফিকুর রহমান।
রোববার (১৪ জুন) সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
দুটি কমিটিই ১০ সদস্যবিশিষ্ট। এতে জামায়াতে ইসলামীর দুইজন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একজন করে সংসদ সদস্যকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
আইন মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, নোয়াখালী-১ আসনের মাহবুব উদ্দিন খোকন, পঞ্চগড়-১ আসনের নওশাদ জমির, সংরক্ষিত নারী আসনের শাকিলা ফারজানা, দিনাজপুর-১ আসনের মঞ্জুরুল ইসলাম ও লালমনিরহাট-১ আসনের হাসান রাজীব প্রধান। জামায়াতের পক্ষ থেকে রয়েছেন পাবনা-১ আসনের নাজিবুর রহমান মোমেন ও নীলফামারী-২ আসনের আল ফারুক আবদুল লতিফ। এনসিপি থেকে সদস্য হয়েছেন রংপুর-৪ আসনের আখতার হোসেন।
অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বরগুনা-২ আসনের নূরুল ইসলাম, বগুড়া-২ আসনের মীর শাহে আলম, চাঁদপুর-২ আসনের জালালউদ্দিন, মানিকগঞ্জ-১ আসনের মইনুল ইসলাম খান ও লক্ষ্মীপুর-১ আসনের শাহাদাত হোসেন। জামায়াতের পক্ষ থেকে রয়েছেন ঢাকা-১২ আসনের সাইফুল আলম খান মিলন ও ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবদিন। এনসিপি থেকে সদস্য হয়েছেন কুমিল্লা-৪ আসনের হাসনাত আবদুল্লাহ।
এর আগে গত বুধবার পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। বর্তমানে সংসদীয় ও মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সংখ্যা ৫০টি; এর মধ্যে রোববার পর্যন্ত আটটি কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এছাড়া আরও দুটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
প্রতিবেদকের নাম 




















