হবিগঞ্জের বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফলকে কেন্দ্র করে বিক্ষোভ, অফিস ভাঙচুর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে স্থানীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে উপজেলা ইউএনও কার্যালয় ঘেরাও করেন প্রায় অর্ধশতাধিক ছাত্রদল নেতাকর্মী। এ সময় অফিসে ভাঙচুর ও ইউএনওকে গালাগাল করার অভিযোগও রয়েছে।
নিয়োগের ফলাফল নিয়ে আপত্তি
জানা গেছে, ফ্যামিলি কার্ডের জন্য নিয়োগপ্রত্যাশীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়ার পর বুধবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে ফলাফল প্রকাশ করা হয়।
এরপর নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, তালিকায় বৈষম্যবিরোধী মামলার আসামি ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কয়েকজনের নাম রয়েছে। তারা নিয়োগ বাতিল করে নতুন করে নিয়োগ দেওয়ার দাবি জানান।
নিয়োগ স্থগিতের ঘোষণা
বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয় ঘেরাও করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, পুলিশের উপস্থিতিতেই এক ছাত্রদল নেতা ইউএনওকে কুপিয়ে দেওয়ার হুমকি দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও তাৎক্ষণিকভাবে মৌখিকভাবে নিয়োগ কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন।
ইউএনও মাহমুদা বেগম সাথী বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সমাজসেবা কর্মকর্তার বক্তব্য
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান বলেন, প্রায় ১ হাজার ৬০০ আবেদনকারীর মধ্যে ৯টি বোর্ডের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে। মেধাক্রম অনুযায়ী ১০০ জনকে চূড়ান্ত এবং ৬০ শতাংশকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
তার দাবি, নিয়োগ নীতিমালায় কোনো আসামি বা অপরাধী তালিকায় থাকলে তাকে বাদ দেওয়ার বিধান রয়েছে। এ ধরনের কারও নাম থাকলে কর্তৃপক্ষকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেত।
তিনি আরও বলেন, অভিযোগ জানানোর পরিবর্তে হামলা-ভাঙচুরের মাধ্যমে সরকারি একটি জনকল্যাণমূলক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা উচিত হয়নি।
প্রতিবেদকের নাম 





















