ভারত নিজেদের স্বার্থ হাসিলের জন্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর পল্লবীতে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ভারত শেখ হাসিনাকে আপনজন মনে করেই আশ্রয় দিয়েছে। তার অভিযোগ, শেখ হাসিনার মাধ্যমে ভারত নিজেদের ‘আগ্রাসী আকাঙ্ক্ষা’ বাস্তবায়ন করেছে।
তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা পুলিশ ও র্যাবকে ব্যবহার করে জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে ধ্বংস করার চেষ্টা করেছিলেন।
শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, দেশে তার বিরুদ্ধে গুম-খুনসহ বিভিন্ন অভিযোগের বিচার রয়েছে। এসব ঘটনার বিচার নিশ্চিত করতে তাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা প্রয়োজন।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বাংলাদেশের ক্রিকেট আজ যে অবস্থানে এসেছে, এর পেছনে আরাফাত রহমান কোকোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
আলোচনা ও দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















