সিনেমার ব্যবসায়িক সাফল্যের জন্য তারকাখ্যাতি গুরুত্বপূর্ণ হলেও শুধু জনপ্রিয়তার ওপর নির্ভর করে একটি সিনেমাকে সফল করা যায় না। ভালো গল্প, বিষয়বস্তু ও নির্মাণের মানও সমান জরুরি বলে মনে করেন দক্ষিণ ভারতীয় অভিনেতা দুলকার সালমান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের তারকাখ্যাতি নিয়ে কথা বলতে গিয়ে বলিউড অভিনেতা সালমান খানের উদাহরণ টানেন তিনি। দুলকারের মতে, একটি সিনেমাকে ব্যবসাসফল করার জন্য তিনি নিজেকে যথেষ্ট মনে করেন না।
তার ভাষায়, ‘আমি মনে করি না, একটি সিনেমাকে ব্যবসাসফল করার জন্য আমিই যথেষ্ট। এর জন্য আরও অনেক কিছু প্রয়োজন। ভালো বিষয়বস্তু এবং গল্পের সত্যতা ও সততাও গুরুত্বপূর্ণ।’
সাক্ষাৎকারে সালমান খানের জনপ্রিয়তা প্রসঙ্গে দুলকার বলেন, তাঁর সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই বড় পরিসরে দর্শক পায়। শুধু তা-ই নয়, প্রেক্ষাগৃহে দীর্ঘ সময় ধরে চলে তাঁর সিনেমা। দীর্ঘদিনের কাজের মাধ্যমে দর্শকের মধ্যে এমন গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।
দুলকারের ভাষায়, সালমানের সিনেমা মুক্তির পর বড় উদ্বোধনী ব্যবসা করে এবং দীর্ঘ সময় প্রেক্ষাগৃহে চলে। তাঁর এমন জনপ্রিয়তা খুবই বিরল। বহু বছর ও দশকের পরিশ্রমের মাধ্যমে সালমান এই অবস্থান তৈরি করেছেন।
মালয়ালম চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা মামুট্টির ছেলে দুলকার সালমান। বাবার পরিচিতি থাকলেও অভিনয়জগতে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। মালয়ালমের পাশাপাশি তামিল, তেলেগু ও হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেতা।
বক্স অফিসেও সাফল্য পেয়েছে তাঁর কয়েকটি সিনেমা। দুলকার অভিনীত ‘লাকি ভাস্কর’ বিশ্বজুড়ে প্রায় ১১৩ কোটি ৬৪ লাখ রুপি আয় করেছে। অন্যদিকে, তাঁর প্রযোজিত ‘লোকাহ: চ্যাপ্টার ১—চন্দ্র’ আয় করেছে প্রায় ৩০১ কোটি রুপি।
বিভিন্ন ভাষার চলচ্চিত্রে অভিনয় এবং বক্স অফিসে সাফল্য পাওয়ার পরও দুলকার মনে করেন, একটি সিনেমার ব্যবসায়িক সাফল্যের একমাত্র ভিত্তি তারকার জনপ্রিয়তা নয়।
প্রতিবেদকের নাম 
























