২০২৪ সালের জুলাই আন্দোলনে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দিলীপ কুমার আগরওয়ালাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। উত্তরা পশ্চিম থানা আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বাসস।
এর আগে, গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। পরদিন মঙ্গলবার (২০ অক্টোবর) গুলশান থানায় মানিলন্ডারিং আইনে করা একটি মামলায় তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
হত্যাচেষ্টা মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের শেষ দিনে দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার (২১)। ওই বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সুস্থ হয়ে ২০২৫ সালের ২৭ মার্চ তিনি বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
মামলার এজাহারে দিলীপ কুমার আগরওয়ালাকে ৩১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: যুগান্তর ও বাসস।
প্রতিবেদকের নাম 




















