প্রায় এক দশক চুল না কেটে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের রেকর্ড গড়েছেন ভারতের উত্তরাখণ্ডের রেনু ধারিয়াল। নারী ক্যাটাগরিতে দীর্ঘতম চুলের অধিকারী হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস।
রেনুর মাথার কালো চুলের দৈর্ঘ্য ২৭১ দশমিক ৫০ সেন্টিমিটার, যা প্রায় ৮ ফুট ১০ ইঞ্চি। এর আগে নারী ক্যাটাগরিতে এই রেকর্ডের মালিক ছিলেন ইউক্রেনের আলিয়িা নাসরোভা। তার চুলের দৈর্ঘ্য ছিল ৮ ফুট ৫ দশমিক ৩ ইঞ্চি।
ভারতের উত্তরাখণ্ডের হালদাওয়ানির বাসিন্দা রেনু ইউটিউবে চুল পরিচর্যা ও চুল লম্বা করার বিভিন্ন পরামর্শ নিয়ে কনটেন্ট তৈরি করেন। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিল মাসে গিনেজ কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।
রেনু জানান, ২০১৫ সাল থেকে তিনি আর চুল কাটেননি। অর্থাৎ প্রায় ১০ বছর ধরে চুল না কেটেই এই রেকর্ড গড়েছেন তিনি।
লম্বা চুলের প্রতি নিজের আগ্রহের কারণও জানিয়েছেন রেনু। তার মতে, ভারতে দীর্ঘ চুলকে সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখা হয়। এই সাংস্কৃতিক ধারণাই তাকে চুল লম্বা করতে অনুপ্রাণিত করেছে।
তবে এত লম্বা চুলের যত্ন নেওয়া মোটেও সহজ নয়। রেনু জানান, চুল পরিষ্কার ও পরিপাটি রাখতে তার কয়েক ঘণ্টা সময় লেগে যায়।
রেনুর আগে ভারতের সবচেয়ে লম্বা চুলের রেকর্ড ছিল স্মিত শ্রীবাস্তভের দখলে। ২০২৩ সালে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস তাকে এই স্বীকৃতি দেয়। তার চুলের দৈর্ঘ্য ছিল ৭ ফুট ৯ ইঞ্চি।
সূত্র: এনডিটিভি
প্রতিবেদকের নাম 




















