
স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে আটকানোই বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ অস্ট্রিয়ার প্রধান কৌশল বলে জানিয়েছেন দলটির কোচ রালফ রাংনিক।
বুধবার (১ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইয়ামাল এমন একজন ফুটবলার, যাকে সবাই দেখতে ভালোবাসে। তবে অস্ট্রিয়ার পরিকল্পনা হলো তাকে যতটা সম্ভব বলের সংস্পর্শ থেকে দূরে রাখা এবং ড্রিবল করার সুযোগ না দেওয়া।
তিনি আরও বলেন, ইয়ামাল যদি সুস্থ থাকে, তবে আগামী ১২ থেকে ১৪ বছর বা তারও বেশি সময় বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলতে পারবে।
বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবারের বিশ্বকাপে শক্তিশালী স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া।
গ্রুপ পর্বে অস্ট্রিয়া তিন ম্যাচে ছয়টি গোল করেছে, যা স্পেনের চেয়ে এক গোল বেশি। তবে ২০২৩ সালের মার্চ থেকে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকা স্পেনের বিপক্ষে কঠিন লড়াইয়ের আশা করছেন কোচ রাংনিক।
অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবা বলেন, স্পেন খুবই শক্তিশালী দল এবং তাদের দলে অনেক বিশ্বমানের খেলোয়াড় রয়েছে যারা একাই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। তবে তারা ভয় পাচ্ছে না এবং আক্রমণাত্মক ফুটবল খেলেই ইতিবাচক ফল আনতে চায়।
এই ম্যাচে চোটের কারণে ডিফেন্ডার ফিলিপ মভেনেকে পাবে না অস্ট্রিয়া। তবে কোচ রাংনিক বিশ্বাস করেন, তার দলে যথেষ্ট বিকল্প রয়েছে এবং তারা স্পেনকে কঠিন চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে।
প্রতিবেদকের নাম 

























