আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে—এমন খবরকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যে খবর ছড়িয়েছে, তার কোনো ভিত্তি নেই। বিষয়টিকে তিনি গুজব হিসেবে উল্লেখ করেন।
এ সময় ভারতের সঙ্গে বিভিন্ন কূটনৈতিক জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, এসব সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তরুণ ও যুবসমাজের উন্নয়ন প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপি সরকার তরুণদের উন্নয়ন ও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মন্ত্রিপরিষদের বৈঠকগুলোতেও যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, তরুণদের স্বাবলম্বী করতে সরকার সহজ শর্তে ঋণ ও সহায়তা দেওয়ার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর আওতায় কম্পিউটার, ল্যাপটপসহ প্রয়োজনীয় উপকরণ ও অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















