রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ইনস্টাগ্রাম প্রোফাইলে করা একটি পরিবর্তন ঘিরে ফুটবল বিশ্বে শুরু হয়েছে নতুন আলোচনা। নিজের প্রোফাইলের বায়ো থেকে তিনি রিয়াল মাদ্রিদের পরিচয় সরিয়ে শুধুমাত্র ব্রাজিলের পরিচয় রেখেছেন। আর এতেই তার ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
এই পরিবর্তন এমন সময়ে এসেছে, যখন রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের নতুন চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের চুক্তি নবায়নকে অগ্রাধিকার দিলেও বিষয়টি এখনো ঝুলে আছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ডিফেনসা সেন্ট্রাল জানিয়েছে, শুধু বায়ো নয়, ভিনিসিয়ুস তার প্রোফাইল ছবিও কালো রঙে পরিবর্তন করেছেন। পাশাপাশি রিয়াল মাদ্রিদ–সম্পর্কিত বেশ কয়েকটি পিন করা পোস্টও সরিয়ে দিয়েছেন। বর্তমানে তার সাম্প্রতিক পোস্টগুলোর মধ্যে রিয়ালের উপস্থিতি খুবই সীমিত। কেবল সতীর্থ ডেভিড আলাবা ও দানি কারভাহালের বিদায়সংক্রান্ত কয়েকটি পোস্টেই ক্লাবের উল্লেখ রয়েছে।
তবে এমন ঘটনা এই প্রথম নয়। গত বছরের ডিসেম্বরে সেভিয়ার বিপক্ষে ম্যাচের পরও তিনি একই ধরনের পরিবর্তন করেছিলেন। সে সময় সান্তিয়াগো বার্নাব্যুতে কিছু সমর্থকের সমালোচনার মুখে পড়েছিলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পরিবর্তনকে অনেকেই ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কোনো বার্তা হিসেবে দেখছেন না। ব্যক্তিগত বা বাণিজ্যিক কারণে অনেক ফুটবলারই সময়ে সময়েই নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পরিবর্তন আনেন। এ বিষয়ে এখন পর্যন্ত ভিনিসিয়ুস জুনিয়র নিজেও কোনো মন্তব্য করেননি।
বর্তমান চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন ভিনিসিয়ুস। তবে নতুন চুক্তি নিয়ে সমঝোতা না হলে ক্লাবকে ভবিষ্যৎ পরিকল্পনা নতুন করে সাজাতে হতে পারে। বিকল্প হিসেবে মাইকেল ওলিসের মতো খেলোয়াড়কে দলে ভেড়ানোর গুঞ্জনও শোনা যাচ্ছে। যদিও ভিনিসিয়ুসের বেতন কাঠামো ও আর্থিক বিষয়গুলো সেই পরিকল্পনাকে জটিল করে তুলতে পারে।
এখন সবার নজর নতুন চুক্তির দিকে। ভিনিসিয়ুস কি রিয়াল মাদ্রিদেই নিজের ভবিষ্যৎ নিশ্চিত করবেন, নাকি আগামী মৌসুমেই নতুন কোনো ক্লাবে পাড়ি জমাবেন—সেই উত্তরই খুঁজছেন ফুটবলপ্রেমীরা।
প্রতিবেদকের নাম 




















