
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে নতুন করে সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র— এমন আশঙ্কার কথা জানিয়েছেন কাতারের দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া বিশ্লেষক অধ্যাপক মোহাম্মদ এলমাসরি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রশাসনের কট্টরপন্থী নীতিনির্ধারকদের প্রভাবের মধ্যে রয়েছেন। এর ফলেই ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, তেহরানের কাছ থেকে প্রত্যাশিত রাজনৈতিক ছাড় না পাওয়ায় ওয়াশিংটন আরও চাপ প্রয়োগের পথে হাঁটতে পারে। একইসঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগগুলো থেকেও কাঙ্ক্ষিত ফল না আসায় মার্কিন প্রশাসনের ভেতরে অসন্তোষ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
অধ্যাপক এলমাসরি বলেন, চলমান সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বড় ধরনের চাপ তৈরি করেছে। তার মতে, যুদ্ধ বন্ধ করাই সবচেয়ে বাস্তবসম্মত পথ হতে পারত। তবে বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন সহজে পিছু হটবে না বলেও মন্তব্য করেন তিনি।
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা এই উত্তেজনা আন্তর্জাতিক মহলেও নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের সাম্প্রতিক অবস্থান বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
প্রতিবেদকের নাম 
























