কক্সবাজারের উখিয়ায় টানা বৃষ্টির কারণে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমার খোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু নুনুশি (৭) একই ব্লকের বাসিন্দা জামাত হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার মধ্যরাত থেকে উখিয়াসহ কক্সবাজার জেলায় থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। এতে পাহাড়ের ঢালসংলগ্ন বসতঘরগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বুধবার দুপুরে আকস্মিক পাহাড়ধসে মাটি ও পাথর জামাত হোসেনের ঘরের ওপর এসে পড়ে।
এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, ধসের সময় ঘরের ভেতরে থাকা নুনুশি মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে এপিবিএন সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
টানা বৃষ্টির কারণে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিবেদকের নাম 




















