আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির নামে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা আটটি মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়।
র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক এবং মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির।
পুলিশ জানায়, ২০২৫ সালে ভুক্তভোগী গ্রাহকরা সমিতির পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন। ওই মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সমিতির গ্রাহক সংখ্যা ১২ হাজার ৬৬১ জন। তাদের আমানতের পরিমাণ প্রায় ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার টাকা। অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর আব্দুল ওয়াহেদকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।
মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায় জানান, র্যাবের কাছ থেকে তাকে বুঝে নেওয়ার পর আদালতে পাঠানো হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রতিবেদকের নাম 




















