
লক্ষ্মীপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বর্তমানে মানুষ সরকারকে সহযোগিতা করছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে কাজের হিসাবও চাইবে। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ মাস হয়েছে, আর এক থেকে দেড় বছর পর জনগণ সরকারের কাছে জবাবদিহিতা প্রত্যাশা করবে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার লামচরি জামে মসজিদ কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচনের এক মাসের মধ্যেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। পরিকল্পনা থাকলেই হবে না, তা বাস্তবে রূপ দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরের উন্নয়নে আন্তরিক এবং প্রতিশ্রুত প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন।
তিনি আরও বলেন, জনগণ এখন সরকারের প্রতি আস্থা রেখে সহযোগিতা করছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই আস্থার প্রতিফলন হিসেবে দৃশ্যমান উন্নয়ন ও কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউছুফ, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানি এবং রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিবেদকের নাম 






















