আসন্ন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১) থেকে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর সহায়তা চাইবে বাংলাদেশ। বিশেষ করে অভিযোজন ও জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান বৃদ্ধি এবং জলবায়ু তহবিলের আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে কপ৩১ সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এসব কথা জানান। আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে এ সম্মেলন।
পরিবেশমন্ত্রী জানান, তুরস্ক সরকারের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন। এর মাধ্যমে জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের স্বার্থ, বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ মানুষের জীবন ও উন্নয়নকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। এ পরিস্থিতিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তাকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ।
উপকূলীয় ও খরাপ্রবণ এলাকার মানুষের নিরাপত্তা এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় নতুন ও অতিরিক্ত সহায়তা প্রয়োজন বলেও জানান মন্ত্রী। বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার প্রচেষ্টায় উন্নত দেশগুলোকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানাবে বাংলাদেশ।
এ ছাড়া কৃষি, শিল্প, পরিবহন ও জ্বালানি খাতে পরিবেশবান্ধব রূপান্তর এবং নবায়নযোগ্য জ্বালানিতে সাশ্রয়ী প্রবেশাধিকার বাংলাদেশের অগ্রাধিকারে থাকবে।
সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ জানান, স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ সমমনা দেশগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের প্রতিনিধিদল জাতীয় স্বার্থে কাজ করবে।
তিনি আরও জানান, সম্মেলনস্থলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১০০ বর্গমিটার আয়তনের একটি প্যাভিলিয়ন স্থাপন করা হচ্ছে। সেখানে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজন অভিজ্ঞতা, কার্বন বাজার ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে তুলে ধরা হবে। পাশাপাশি স্থাপন করা হবে একটি পাট প্যাভিলিয়ন।
সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানম, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক লুৎফর রহমান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 
























