কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে শূন্যরেখার কাছে জমির আইলে ২৯ ঘণ্টা ধরে অবস্থান করছেন পুশইনের চেষ্টার শিকার ১২ জন নারী, শিশু ও পুরুষ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কয়েক দফা পতাকা বৈঠকের আহ্বান জানালেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এতে সাড়া দেয়নি বলে জানা গেছে।
বিজিবির প্রাগপুর কোম্পানি কমান্ডার জানান, ভারতীয় সীমান্তের কাছাকাছি পাটক্ষেতের আইলে থাকা ওই ১২ জন এখনো অবস্থান করছেন। দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও এখনো কোনো সমাধান হয়নি।
স্থানীয়রা জানান, গত ভোরে ওই সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। পরে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তারা শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আটকে থাকা ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। দীর্ঘ সময় খোলা আকাশের নিচে থাকায় তারা মানবিক সংকটে পড়েছেন। স্থানীয়রা তাদের খাবার ও পানি পৌঁছে দিচ্ছেন।
সীমান্ত এলাকায় বর্তমানে নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি জানিয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং কূটনৈতিক ও পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
প্রতিবেদকের নাম 


























