গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা এবং কী কারণে তার ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
দায়িত্ব পালনকালে হামলার শিকার
ওসি জানান, রোববার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় করা মামলার বাদী এসআই মোসলেম আলীর ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশের এপিসি ও বক্স ভাঙচুর
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে মিছিল ও বিক্ষোভ করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রোববার তাদের লগি-বৈঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন বিক্ষোভকারীরা।
পুলিশ সূত্র জানায়, এর আগে গত বৃহস্পতিবার গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন সকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা, ঢাল-সুড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। এ সময় বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন।
মামলায় আসামি ২ হাজার ২২৪ জন
পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২ হাজার জনকে।
এই মামলার বাদী মোসলেম আলীই সর্বশেষ রোববার সন্ধ্যায় দুর্বৃত্তদের হামলায় আহত হন।
প্রতিবেদকের নাম 
























