
পাবনার ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ করে এক ধরনের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
বুধবার (১৩ মে) দুপুরের পর এই ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের শ্বাসকষ্ট, বমি, মাথা ঘোরা ও খিচুনিসহ নানা উপসর্গ দেখা দিলে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
প্রাথমিকভাবে সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও শ্রেণিকক্ষ থেকে পিঁপড়া ও ইঁদুর মারার ওষুধের একটি বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই রাসায়নিকের প্রভাবে এ পরিস্থিতি তৈরি হতে পারে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রথমে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়।
ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সহায়তায় শিক্ষার্থীদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অনেক অভিভাবক নিজ উদ্যোগেও সন্তানদের হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকরা জানান, বিষক্রিয়ার পাশাপাশি আতঙ্ক ও মানসিক চাপের কারণেও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়তে পারে। তবে বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীই শঙ্কামুক্ত এবং অনেকেই বাড়ি ফিরে গেছে।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।
প্রতিবেদকের নাম 


























