বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে দেশের রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে। তার ভাষায়, বর্তমানে দেশের রাজনৈতিক সংকটের অন্যতম কারণ হলো গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত আহ্বান এবং সব গণহত্যার বিচার দাবিতে জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারী ব্যক্তি এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের নিয়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, স্পিকারের কাছে তারা অনুরোধ জানিয়েছেন যাতে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করে গণভোটে প্রায় ৭০ শতাংশ জনগণের দেওয়া রায় বাস্তবায়নে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়।
তিনি আরও জানান, স্পিকার এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, সরকার জনগণের প্রত্যাশা উপেক্ষা করে সংসদ পরিচালনা করতে পারে না। তিনি আশা প্রকাশ করেন, সরকার স্মারকলিপির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং বিচার নিশ্চিত করতে প্রয়োজন হলে আবারও আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি সরকারের প্রতি বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান।
মানববন্ধনে আরও বক্তব্য দেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। কর্মসূচির আগে শহীদ জাবির ইবরাহিমের মা রোকেয়া এমপিসহ পাঁচজন নারী সংসদ সদস্য এবং ১১ দলীয় ঐক্যের নেতারা জাতীয় সংসদের স্পিকারের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. আবদুল ওহাব মিনার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল ও মো. সেলিম উদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















