রাজবাড়ীর পাংশা উপজেলার হোসেনডাঙ্গা গ্রামে দেখা মিলেছে বিশাল আকৃতির এক ষাঁড়ের, যা স্থানীয়দের কাছে এখন পরিচিত ‘রাজবাড়ীর বস’ নামে। বিরাট দেহ, রাজকীয় হাঁটা ও ব্যতিক্রমী গঠনের কারণে গরুটিকে দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন।
স্থানীয়রা বলছেন, এত বড় গরু এই এলাকায় আগে কখনও দেখা যায়নি। আকারে এটি গরুর চেয়ে জলহস্তির মতো বলেও মন্তব্য করছেন কেউ কেউ।
গরুটির মালিক কৃষক মোহাম্মদ আলী জানান, তিন বছর ধরে নিজের সন্তানের মতো যত্ন করে গরুটিকে বড় করেছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ফিজিয়ান জাতের এই ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘রাকচি রাজবাড়ীর বস’। ওজন প্রায় ৩৬ মণ, উচ্চতা প্রায় ৬ ফুট এবং দৈর্ঘ্য প্রায় ৭ ফুট।
তিনি আরও জানান, প্রাকৃতিক খাবার—ধানের খৈল, ভুসি, খড় ও সবুজ ঘাস খাইয়ে গরুটিকে বড় করা হয়েছে। প্রতিদিন তার খাদ্য খরচ প্রায় এক হাজার টাকার মতো পড়ে। খামারি জানান, উচ্চ খরচের কারণে গরুটি বিক্রির চিন্তাও করছেন তিনি। প্রাথমিকভাবে তার দাবি অনুযায়ী দাম ধরা হয়েছে প্রায় ১০ লাখ টাকা।
মোহাম্মদ আলীর ছেলে করিম শেখ বলেন, গরুটি দেখতে প্রতিদিনই বহু মানুষ আসে। তিন বছর ধরে পরিবারের সদস্যের মতো করেই গরুটির যত্ন নেওয়া হয়েছে। আগ্রহী ক্রেতারা যোগাযোগ করছেন বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, গরুটির পরিচর্যায় কৃষক মোহাম্মদ আলীর পরিশ্রম প্রশংসনীয়। তারা আশা করছেন, তিনি ন্যায্য দামে গরুটি বিক্রি করতে পারবেন।
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, এটি বর্তমানে জেলার সবচেয়ে বড় গরু। প্রাণিসম্পদ বিভাগ নিয়মিত এর স্বাস্থ্য পরীক্ষা করছে এবং খামারিকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এত বড় গরু লালন-পালনে কিছু ঝুঁকি থাকে, বিশেষ করে গরম ও পরিবহনে সমস্যা হয়। তাই খামারিদের সাধারণত অতিরিক্ত বড় আকারের গরু পালনে নিরুৎসাহিত করা হয়।
প্রতিবেদকের নাম 





















