করোনা মহামারির সময় খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ক্রিকেট বলে লালা ব্যবহার নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মহামারি শেষ হলেও স্থায়ী হয়ে যাওয়া সেই নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। সম্প্রতি এই নিয়ম তুলে নেওয়ার দাবি জানিয়েছেন ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিল। তবে আপাতত নিষেধাজ্ঞা শিথিল করার কোনো পরিকল্পনা নেই আইসিসির।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বলে লালা ব্যবহারের অনুমতি ফিরিয়ে আনার বিষয়ে আইসিসির তাৎক্ষণিক কোনো উদ্যোগ নেই। সংস্থাটির মতে, লালা প্রয়োগ বল বিকৃতির অন্যায্য পদ্ধতির মতোই। বিশেষ করে মিষ্টি, চুইংগাম কিংবা মিন্টের সঙ্গে লালার মিশ্রণ বলের আকৃতিতে বড় পরিবর্তন আনতে পারে। মাঠে এ ধরনের ব্যবহার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করাও কঠিন।
২০২০ সালে করোনার সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বলে লালা ব্যবহার নিষিদ্ধ করে আইসিসি। দুই বছর পর নিষেধাজ্ঞাটি স্থায়ী নিয়মে পরিণত হয়। মূলত পুরোনো বলের এক পাশ চকচকে রেখে সুইং আদায়ের জন্য পেসাররা লালা ব্যবহার করতেন।
সম্প্রতি ওয়েলিংটন টেস্টের শেষ দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৮ উইকেট। কিন্তু গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেলের দৃঢ়তায় শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ভারতকে। ম্যাচ শেষে বলের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন গিল। একই সঙ্গে বলে লালা ব্যবহারের অনুমতি ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
ভারতীয় অধিনায়কের অভিযোগ, নিউজিল্যান্ডে কুকাবুরা বল ২৫ থেকে ৩০ ওভার পরই অনেকটা নরম হয়ে গিয়েছিল। ইংল্যান্ডে ডিউক বলের ক্ষেত্রেও একই সমস্যা দেখা গেছে। বলের মান নাকি অন্য কোনো কারণে এমন হচ্ছে, তা নিশ্চিত নন বলে জানান তিনি। তবে কোভিড পরিস্থিতি অনেক আগেই পেরিয়ে আসার পরও কেন বল পালিশের জন্য লালা ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন গিল।
তবে গিলের এই আহ্বানে এখনই সাড়া দিচ্ছে না আইসিসি। ফলে ক্রিকেট বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা আপাতত বহালই থাকছে।
প্রতিবেদকের নাম 

























