শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন স্প্যানিশ ফুটবল কিংবদন্তি জাবি আলোনসো। চার বছরের চুক্তিতে তাকে নিয়োগ দিয়েছে লন্ডনের ক্লাবটি।
রোববার (১৭ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে চেলসি আলোনসোর নিয়োগ নিশ্চিত করে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১ জুলাই থেকে স্ট্যামফোর্ড ব্রিজে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করবেন তিনি।
চেলসি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছে,
“চেলসি ফুটবল ক্লাব ম্যানেজার হিসেবে জাবি আলোনসোকে নিয়োগ দিতে পেরে আনন্দিত। চার বছরের চুক্তিতে তিনি ক্লাবে যোগ দিয়েছেন। চেলসিতে স্বাগতম, জাবি।”
এর আগে ২০২৫ সালের মে মাসে কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন আলোনসো। তবে মাত্র আট মাস পর চলতি বছরের জানুয়ারিতে পারস্পরিক সমঝোতায় স্প্যানিশ জায়ান্টদের কোচের পদ ছাড়েন তিনি।
চেলসির দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আলোনসোও। ক্লাবের প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন,
“চেলসি বিশ্ব ফুটবলের অন্যতম বড় ক্লাব। এমন একটি ক্লাবের কোচ হতে পারা আমার জন্য গর্বের বিষয়। মালিকপক্ষ ও ফুটবল পরিচালকদের সঙ্গে আলোচনায় বুঝেছি, আমাদের লক্ষ্য একই— এমন একটি দল গড়ে তোলা, যারা নিয়মিত শিরোপার জন্য লড়বে।”
তিনি আরও বলেন,
“এই দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। ক্লাবটির সম্ভাবনাও অসাধারণ। দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া আমার জন্য বড় সম্মানের। এখন আমাদের লক্ষ্য হবে কঠোর পরিশ্রম, শক্তিশালী দলীয় সংস্কৃতি গড়ে তোলা এবং সাফল্য অর্জন করা।”
জাবি আলোনসো এর আগে কোচ হিসেবে বায়ার লেভারকুজেনকে ইতিহাসের প্রথম অপরাজিত বুন্দেসলিগা শিরোপা জিতিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। তার অধীনে নতুন যুগের স্বপ্ন দেখছে চেলসি সমর্থকরা।
প্রতিবেদকের নাম 






















