পদত্যাগের ঘোষণা দেওয়ার পরও স্বস্তিতে নেই এয়ার ইন্ডিয়ার বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাম্পবেল উইলসন। সাম্প্রতিক একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ও নিরাপত্তাজনিত জটিলতার ঘটনায় তাকে তলব করেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।
মঙ্গলবার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের সদর দপ্তরে তাকে তলব করা হয়। ভারতের আকাশ পরিবহন সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর উইলসনকে তলবের সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মাঝ আকাশে বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১৭ জন যাত্রী ও ক্রু সদস্য আহত হন।
প্রথমে ঘটনাটিকে সাধারণ ঝাঁকুনি হিসেবে দেখা হলেও পরে ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) এটিকে গুরুতর ঘটনা হিসেবে চিহ্নিত করে। এরই মধ্যে ঘটনার তদন্তভার এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর (এএআইবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানটি অবতরণের পর নিয়ম অনুযায়ী দুই পাইলটের সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্স স্ক্রিনিং করা হয়। প্রাথমিক পরীক্ষার ফল নিশ্চিত করতে নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত দুই পাইলটকেই দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে।
টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনা ও ব্যবস্থাপনাগত সমস্যার কারণে নিয়ন্ত্রক সংস্থার নজরদারির মধ্যে রয়েছে। বিশেষ করে আহমেদাবাদ-লন্ডন ফ্লাইট দুর্ঘটনার পর থেকেই বিমান সংস্থাটির ওপর প্রশাসনিক ও নিয়ন্ত্রক চাপ বেড়েছে।
এর মধ্যেই এয়ার ইন্ডিয়ার সিইও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ক্যাম্পবেল উইলসন। আগামী ৩০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব ছাড়বেন।
তার স্থলাভিষিক্ত হিসেবে এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্সের সাবেক প্রধান তেওয়াল্ডে গেব্রেমারিয়ামের।
সূত্র: ইন্ডিয়া টুডে
প্রতিবেদকের নাম 




















